‘ঝুঁকিপূর্ণ’ আরো ১০ ই-কমার্স প্রতিষ্ঠান

২৪ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫৯  
সরবরাহকারীদের কাছ থেকে বাকিতে কিনে ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা নিয়ে অনলাইনে ব্যবসায় পরিচালনাকারী ১০ ঝুঁকিপূর্ণ ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- আলেশা মার্ট, আদিয়ান মার্ট, ফাল্কগ্দুনীশপ, সিরাজগঞ্জশপ, টোয়েন্টিফোর টিকেটি ডটকম, গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড, গ্রীন বাংলা ই-কমার্স লিমিটেড, অ্যানেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড, আমার বাজার লিমিটেড ও এক্সিলেন্ট ওয়ার্ল্ড এবং অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজুমার লিমিটেড। অতিরিক্ত ছাড় দিয়ে মানুষকে প্রলুব্ধ করে প্রচুর টাকা নেয়ায় এই প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটা নিয়ে খোদ বাণিজ্যমন্ত্রীর কণ্ঠেই উদ্বেগ প্রকাশ পেয়েছে। সংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ইভ্যালি, ই-অরেঞ্জের মালিকরা জেলে। ধামাকাশপের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আলেশা মার্ট এখনও তাদের কার্ডসহ কিছু প্রচার-প্রচারণা চালাচ্ছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানও একই ধরনের ব্যবসা করছে। বাণিজ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলোকে পর্যবেক্ষণে রেখেছে। এদিকে আগাম সতর্কতা হিসেবে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলেশা মার্ট, আদিয়ান মার্ট, ফালগুনীশপ ও সিরাজগঞ্জশপের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে। বাকিদের বেলায়ও একই ধরনের অনুরোধ জানানো হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের সঙ্গে ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কেউ লেনদেন করলে পণ্য সরবরাহের আগে যাতে টাকা প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে জমা না হয়, সে বিষয়ে পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোকে সতর্ক করা হয়েছে। এসব কোম্পানি পণ্য সরবরাহ হয়েছে বলে দাবি করলে সেই দাবি যাচাই-বাছাই করে টাকা ছাড় করতে বলা হয়েছে। অপরদিকে এদের মধ্যে তিনটি কোম্পানির সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ না করে ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বলেছেন, আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।